দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: মোরাম বোঝাই ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে! মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত হরিয়াতাড়া এলাকা। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দিল মোরাম বোঝাই ডাম্পারটিতে। দীর্ঘক্ষণ চললো বিক্ষোভ-অবরোধ। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হলো পুলিশকে।

জানা গিয়েছে, রবিবার রাতে ভবসিন্ধু মাহাতো ও লক্ষ্মীকান্ত মাহাতো নামে দুই যুবক বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময়, হঠাৎই তাদের বাইকে পেছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই পড়ে যান দু’জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এর পরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় মোরাম বোঝাই ডাম্পারটিতে। স্থানীয়দের মারাত্মক অভিযোগ, এলাকায় বেআইনিভাবে রমরমিয়ে চলছে মোরাম খাদান। সেই খাদান থেকে সারাদিনে ২০০-৩০০ টি ওভারলোডেড ডাম্পার এই রাস্তায় চলাচল করে। এর আগেও ডাম্পারের ধাক্কায় সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারপরও হুঁশ ফেরেনি পুলিস-প্রশাসনের! রবিবার রাতের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।







