পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত পর্যবেক্ষক, মুম্বাই থেকে কলকাতা সর্বত্র বাড়ছে সংক্রমণ, লকডাউনের প্রহর গুনছে দেশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২০ মার্চ: পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব পালনে আসা নির্বাচন কমিশন নিযুক্ত এক পর্যবেক্ষক করোনা আক্রান্ত হয়েছেন গতকাল (১৯ মার্চ)। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে আসা ২০১১ ব্যাচের এক IAS অফিসার কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায়, তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে তাঁর করোনার নমুনা পরীক্ষা করান এবং সেখানেই তাঁর করোনা ধরা পড়ে। পুরো ঘটনা নির্বাচন কমিশনে জানানো হয়েছে এবং তাঁর জায়গায় অন্য আর এক সাধারণ পর্যবেক্ষককে ওই বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। করোনা আক্রান্ত ওই পর্যবেক্ষক এখন হোম কোয়ারেনটাইনে রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। অপরদিকে, প্রায় করোনা শূন্য জেলায় গত কয়েকদিনে সামান্য বেড়েছে সংক্রমণ! গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪ জন। এর মধ্যে মেদিনীপুর শহরের ১ জন, বেলদা এলাকায় ১ জন, গড়বেতা এলাকায় ১ জন এবং ৫৫ বছর বয়সী ওই পর্যবেক্ষক সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “এখনও এই জেলায় সেকেন্ড ওয়েভের মতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়নি। তবে সতর্ক থাকা প্রয়োজন, মাস্ক ব্যবহার করতে হবে। পর্যবেক্ষকের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ভ্যাকসিনেশনও চলছে সফলভাবে।”

thebengalpost.in
ভয়াবহ সংক্রমণ! গত কয়েক মাসের রেকর্ড ভেঙে শেষ চব্বিশ ঘণ্টায় দেশে প্রায় ৪০,০০০, রাজ্যে ৩৪৭ জন আক্রান্ত :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় (১৯ মার্চ) দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯,৭২৬ জন। যা নতুন বছরের (২০২১) নতুন রেকর্ড! শুধু তাই নয়, গত কয়েকদিনে যেভাবে উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে ২০২০ এর ‘করাল ছায়া’ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ! গত চব্বিশ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। প্রসঙ্গত, ১৮ ই মার্চ সংক্রমিত হয়েছিলেন ৩৫৮৭১ জন। গত চব্বিশ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই সংক্রমিত হয়েছেন ২৫৬৮১ জন। ইতিমধ্যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রাজ্যজুড়ে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, “মনে হচ্ছে লকডাউন ছাড়া গতি নেই!” শুধু মহারাষ্ট্র নয়, কেরালা, কর্ণাটক, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সর্বত্র বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৭ জন! ফলে, এ রাজ্যেও যে উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, তা বলাই বাহুল্য। ১৮ ই মার্চ সংক্রমিত হয়েছিলেন ৩০৩ জন। মাত্র ১ সপ্তাহ আগে ১২ ই মার্চ সংক্রমিত হয়েছিলেন ২৭৭ জন। ফলে, এ রাজ্যেও সতর্কতা অবলম্বনের আশু প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের প্রাক্কালে এভাবে সংক্রমণ বৃদ্ধি যে রীতিমতো আশঙ্কার তা মনে করছেন চিকিৎসক মহল। এ বিষয়ে পদক্ষেপ করা শুরু করেছে নির্বাচন কমিশনও। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের প্রতি ‘মাইক্রো কনটেনমেন্ট’ (ছোটো আকারে গন্ডীবদ্ধ এলাকা) তৈরি করা এবং মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন।

thebengalpost.in
বিজ্ঞাপন (Advertisement) :

আরও পড়ুন -   মেদিনীপুরের "দুয়ারে" সরকারের মুখ্য, 'মমতা'য় আপ্লুত আবেদনকারীরা