করোনা আক্রান্ত রোগীর সৎকারে বাধা! ঘাটালে আস্ত শ্মশান তৈরি করে দিচ্ছেন দেব, সঙ্গে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: গত শনিবার (১৫ মে) ঘাটালের এক প্রৌঢ় (কাশীনাথ দোলই, ৭০) করোনা সংক্রমিত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর, মৃতের পরিজনেরা মৃতদেহ সৎকার করতে বেরিয়ে একের পর এক শ্মশান সংলগ্ন এলাকার গ্রামবাসীদের বাধার মুখে পড়েন! প্রথমে বেলপুকুর শ্মশান, তারপর গোবিন্দপুর শ্মশানে বাধা পাওয়ার পর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। প্রায় ৫ ঘন্টা হেনস্থার পর অবশেষে পুলিশের সহায়তায় লোকালয় থেকে অনেকটা দূরে শিলাবতী নদীর চরে একটি শ্মশানে ওই করোনা সংক্রমিতের মৃতদেহ সৎকার করা হয়! কিন্তু, এই ঘটনায় প্রকাশিত হয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে মৃতদেহ সৎকার নিয়ে চরম অব্যবস্থার চিত্র। সংবাদমাধ্যমের দ্বারা সেই ছবি দেখতে পান ঘাটালের সাংসদ দেবও। এরপরই, করোনা মোকাবিলায় রীতিমতো “দেবাদিদেব” রূপ ধারণকারী সাংসদ দীপক অধিকারী (দেব) দ্রুত শ্মশান তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। তাঁর সাংসদ-প্রতিনিধি রামপদ মান্না’কে নির্দেশ দেন, লোকালয় থেকে দূরে নির্জন এলাকায় কোভিডে মৃতদের দাহ করার জন্য শ্মশান নির্মাণ করার জন্য। বৃহস্পতিবার সেই কাজ শুরুও হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রামপদ মান্না।

thebengalpost.in
চলছে শ্মশান তৈরির কাজ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ
thebengalpost.in
দেব (Dev):

এদিকে, ঘাটালের সাংসদ দেবের উদ্যোগে চলছে কমিউনিটি কিচেনও। করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে খাওয়ার পৌঁছে দেওয়া হচ্ছে। এবার, তার সাথে বৃহস্পতিবার থেকে শুরু হল করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা ও শববাহী গাড়ির পরিষেবা। শুধুমাত্র করোনা আক্রান্তদের জন্য এই পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। তার সাথে সাথে আস্ত একটা শ্মশান-ও তৈরি করে দিচ্ছেন সাংসদ। সবমিলিয়ে করোনা আক্রান্ত পরিবার গুলির জীবন-মৃত্যুর সমস্ত দায়িত্ব নিয়ে বাস্তবিকই তিনি হয়ে উঠেছেন দেবাদিদেব!

thebengalpost.in
বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা :

thebengalpost.in
শববাহী গাড়ি :

আরও পড়ুন -   সাত-সাতটি আলমারি ভেঙে সাকুল্যে জুটল মাত্র আড়াই হাজার! ডেবরার স্কুলে চুরির ঘটনায় তস্করের দল ব্যর্থ হলেও হতভম্ব কর্তৃপক্ষ থেকে পুলিশ সকলেই