দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৬ ফেব্রুয়ারি: সকাল থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সারাদিনই ছিল মেঘলা আকাশ! জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছেও বিকেল থেকে। রাতের দিকে মেদিনীপুর, খড়্গপুর সহ বিভিন্ন এলাকায় ধেয়ে এল ঝড়, সঙ্গে দু’এক পশলা বৃষ্টি। এখনও আকাশের মুখ ভার। স্বাভাবিকভাবেই বৃষ্টি হতে পারে রাতের দিকেও।

এদিকে, বৃষ্টির পর ফের তাপমাত্রা নামতে চলেছে সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে। আজ এবং কাল মেঘলা আকাশের জন্য তাপমাত্রা সামান্য বাড়লেও, সোমবার থেকে পারদ অনেকটাই নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ফের ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। দিনের শেষে দেখা গেল সেই পূর্বাভাস অনেকাংশেই সত্যি হয়েছে।







