দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি : “আমরা মেদিনীপুরের ভূমিপুত্র কেই প্রার্থী চাই—-মেদিনীপুর বাসী”! শুক্রবার সকাল সকাল এই পোস্টারে সরগরম জেলা শহর মেদিনীপুর। প্রসঙ্গত, আজকেই সবকটি প্রথম সারির রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করতে চলেছে বলে সূত্রের খবর। আর তার ঠিক প্রাক্কালেই এই পোস্টারে জল্পনা ছড়িয়েছে! এই পোস্টারে উল্লেখ করা হয়েছে, “আমরা মেদিনীপুর বাসী সকল রাজনৈতিক দলের কাছে আবেদন, বহিরাগত বা বাইরের প্রার্থীকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”

উল্লেখ্য যে, বিজেপি-তৃণমূল এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী তালিকা আজকেই ঘোষিত হতে পারে। বিশেষত মেদিনীপুর বিধানসভা সহ প্রথম দুই দফার (২৭ মার্চ ও ১ এপ্রিল) প্রার্থী তালিকা ঘোষিত হবে। আর সেদিনই কেউ বা কারা শহরের বিভিন্ন রিং রোড বা প্রধান রাস্তার ধারে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি চিটিয়ে দেওয়াই জল্পনা ছড়ালো। এ নিয়ে শাসকদলের জেলা নেতারা কোনো মন্তব্য করতে না চাইলেও, এটুকু সব নেতারাই বললেন, “আজকেই হয়তো আমাদের দলের প্রার্থী ঘোষণা করা হবে। আর সেক্ষেত্রে দল বা নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। যেই প্রার্থী হোক না কেন, কাল থেকেই আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়ব।” বিজেপির জেলা নেতৃত্বও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আজ সন্ধ্যায় হয়তো বিজেপিও মেদিনীপুর বিধানসভা সহ প্রথম দুই দফার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করতে চলেছে। অন্যদিকে, বামেরা জানালেন, “মেদিনীপুর বিধানসভায় আমাদের প্রার্থী হচ্ছে ভূমিপুত্রই!”







