দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে, সোমবার মেদিনীপুর সদর ব্লকের খাসজঙ্গল এলাকায় একটি নতুন ‘টয় পার্ক’ বা খেলনা তরির কারখানার শিলান্যাস করা হল। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি এই ‘টয় পার্ক’ স্থাপনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই উপলক্ষ্যে, মেদিনীপুর শহরের উপকণ্ঠে খাসজঙ্গল এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, মেদিনীপুর সদর মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য্য, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, ক্ষুদ্র ও কুটির শিল্প ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ অন্যান্য আধিকারিকগন। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানান, “১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টয় পার্কটি গড়ে তোলার জন্য। ২১ টি ইন্টারপেনার্স এখানে যুক্ত রয়েছে।” এই প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান জেলাশাসক।

অন্যদিকে, আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে একটি ১৩২/৩৩ কেভি গ্যাস ইনসুলেটেড সাব-সেন্টারের উদ্ধোধনে এসেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনের পর আজ উপস্থিত সংবাদমাধ্যমের সামনে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রথযাত্রাকে কটাক্ষ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, “বিজেপির বাসযাত্রা হলে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। রথযাত্রাতো বাঙালীদের একটা নির্দিষ্ট সময়ে হয়৷ সেখানে ঠাকুর থাকে। বাসযাত্রা করুক আর যাই করুক, মানুষ এর উত্তর দেবে। আমরা গত বারের থেকে বেশী আসনে জয়লাভ করবো৷”








