মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৮ অক্টোবর: মহামারীর মধ্যেও বিপুল পরিমাণ বকেয়া বেতন! জনস্বাস্থ্য ও কারিগরী বা পিএইচই (Public Health and Engineers) দপ্তরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া কর্মীরা (পাম্প ও ভালভ অপারেকররা) বেতন পাননি বিগত ১০-১২ মাস ধরে। কেউ কেউ আবার ১৮ থেকে ২২ ধরে! মহামারীর মধ্যে তাই তীব্র আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা, এই অভিযোগ জানিয়ে এবং বকেয়া বেতন সহ পুজোর বোনাসের দাবিতে, বৃহস্পতিবার মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকশো কর্মী। বিক্ষোভের শেষে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমলের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়, তৃণমূল শ্রমিক সংগঠন বা আইএনটিটিইউসি’র শাখা সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন, সংগঠনের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার দুই সভাপতি, যথাক্রমে গৌরাঙ্গ সিংহ ও সমীর হাজরা।

দপ্তরের মূল অফিস মেদিনীপুর শহরের শরৎপল্লীতে বিক্ষোভ ও জমায়েতের পর, কয়েকশো কর্মী লাইন দিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে আসেন। সেখানে বিক্ষোভ দেখানোর পর চারজনের প্রতিনিধিদল জেলাশাসক ডঃ রশ্মি কমলের কাছে গিয়ে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন এবং দ্রুত (সাত দিনের মধ্যে) সমস্যা সমাধানের কথা বলেন। জেলাশাসকের সঙ্গে সাক্ষাতের পর নেতৃত্বরা জানান, “মোট ৭ দফা দাবি আমরা তুলে ধরেছিলাম। বকেয়া বেতন, বোনাস, স্থায়ীকরণ, সম কাজে সম বেতন, জলের অপচয় রোধে প্রচার প্রভৃতি। জেলাশাসক এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। সমস্যার সমাধান না হলে, বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা।”






