দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: আর কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের অন্যতম বড় পরীক্ষা- প্রাইমারি টেট (Primary Tet)। ২০১৪’র বিজ্ঞপ্তিতে ২০১৫ সালে শেষবার অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা। প্রায় ৬ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ২০১৭ সালের বিজ্ঞপ্তি ও আবেদন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২০২১ এর ৩১ শে জানুয়ারি, অর্থাৎ আগামীকাল দুপুর ১ টায়। পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। যদিও, শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্টের রায়ে (২৮ শে জানুয়ারির রায়) নতুন করে অফলাইনে আবেদন করার সুযোগ পেয়েছিলেন, প্রায় ২-৩ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থী। তাদের অ্যাডমিট কার্ড (Admit Card) ইতিমধ্যে ওয়েবসাইটে (wbbpe.org) দিয়ে দেওয়া হয়েছে। মামলাকারীরা আজকেও তা Download করে নেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, কোভিড বিধি মেনে, রাজ্য জুড়ে অফলাইনে নেওয়া হচ্ছে এই টেট পরীক্ষা। শেষ মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু নিয়মাবলী ঘোষণা করেছে। একনজরে দেখে নিন সেগুলি–
১. ডাউনলোড করা Admit Card ছাড়া কাউকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবেনা।
২. Admit Card ছাড়াও সঙ্গে রাখতে হবে যেকোনও একটি সচিত্র পরিচয়পত্র (Identity Card)। নকল বা প্রত্যয়িত বা Xerox Copy নয় Original আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি যেকোনও একটি সঙ্গে রাখতে হবে।
৩. ঠিক দুপুর ১২ টার সময় পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। ১২ টা ১৫ র পর পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত হতে পারে। পরীক্ষা শুরু দুপুর ১ টায়, চলবে ৩.৩০ টা পর্যন্ত (২ ঘন্টা ৩০ মিঃ)।
৪. পরীক্ষাকেন্দ্রে কোনও ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল প্রভৃতি নিয়ে ঢোকার অনুমতি থাকবেনা। মোবাইল থাকলেও তা সুইচ অফ করে, কর্তৃপক্ষ নির্ধারিত স্থানে জমা দিতে হবে।
৫. কালো রঙের বল পেন (Black ink Ball Pen) ছাড়া অন্য কোন কালি ব্যবহার করা যাবেনা।
৬. সর্বোপরি, মাস্ক ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় একটি পরীক্ষাকেন্দ্র নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, ইতিমধ্যে সেই বিভ্রান্তি দূর করে দিয়েছে প্রশাসন। প্রসঙ্গত, জেলার
ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানায় কুয়াপুর হাইস্কুল বলে কোনও স্কুল নেই। অথচ অনেক টেট পরীক্ষার্থীদের অ্যাডমিটে লেখা রয়েছে ‘কুয়াপুর হাইস্কুল, ঘাটাল থানা’ (KUAPUR HIGH SCHOOL, PS- GHATAL)। এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পরই, ঘাটাল মহকুমা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং শুক্রবারের মধ্যেই তাঁরা বিভিন্ন সংবাদমাধ্যমের দ্বারা জানিয়ে দেন, যদি কোনও পরীক্ষার্থীর সেন্টার কুয়াপুর হাইস্কুলে পড়ে থাকে, তাহলে তিনি সরাসরি চন্দ্রকোণা থানার কুয়াপুর (বা, কুঁয়াপুর) হাইস্কুলে চলে যাবেন। উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি টেট পরীক্ষা নিয়ে ঘাটালের প্রশাসনিক স্তরে একটি বৈঠক হয়। ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায় জানিয়েছেন, “KUAPUR HIGH SCHOOL, P.S GHATAL এটা ভুল করে অ্যাডমিট কার্ডে ছাপা হয়ে গিয়েছে। ওটা হবে KUAPUR HIGH SCHOOL, P.S CHANDRAKONA। যে সমস্ত পরীক্ষার্থীদের KUAPUR HIGH SCHOOL-এ সিট পড়েছে তাঁদের সরাসরি চন্দ্রকোণা থানার কুঁয়াপুর হাইস্কুলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।” প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৩৭ টি সেন্টার বা ভেনু বা পরীক্ষাকেন্দ্র নির্ধারিত হয়েছে। মোট পরীক্ষার্থী প্রায় ১৫,০০০। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে গড়ে ৪০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। মেনে চলা হবে কোভিড বিধি। আপদকালীন সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।








