দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ ডিসেম্বর: ২০১৪’র প্রাথমিক টেট পাস ও প্রশিক্ষণ প্রাপ্তদের (ডিএলএড ও বিএড পাস) অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন (নথি যাচাই) এর কাজ সম্পন্ন হয়েছে গত ২৫ শে নভেম্বর থেকে ১ লা ডিসেম্বরের মধ্যে। প্রায় ৩৩,০০০ হাজার প্রার্থী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এবার তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ১০ ই জানুয়ারি। চলবে আগামী ১৭ ই জানুয়ারি পর্যন্ত। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই ঘোষণা করেছেন। আগামীকাল এই বিষয়ক বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকে প্রায় ১৬,৫০০ টি শূন্যপদ আছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। আজ পুনরায় একই কথা বলেছেন।

নবান্নে আজ মন্ত্রীসভার বৈঠকের পর শিক্ষক বদলি প্রক্রিয়া, পুলিশ কর্মীদের নিজের জেলায় বদলি, কোভিডে মৃত সিভিক ভলান্টিয়ার দের পরিবারের একজনকে চাকরি সহ নানা ঘোষণা করেন। সাংবাদিক বৈঠক থেকেই তিনি ঘোষণা করেন, প্রাথমিকে দ্রুত ১৬,৫০০ টি পদে নিয়োগের বিষয়ে। জানুয়ারির ১৭ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দ্রুত নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসাথে, Third Primary Tet বা তৃতীয় প্রাথমিক টেট পরীক্ষা আগামী ৩১ শে জানুয়ারি নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ। অফলাইনে অর্থাৎ প্রথাগত পদ্ধতিতেই ১৫০ নম্বরের টেট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে, ২০১৩ সালে (টেট ২০১২) ও ২০১৬ (টেট ২০১৪) সালে দু’বার টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল যথাক্রমে, ২০১৪ ও ২০১৭ সালে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে নিয়োগ সম্পন্ন হওয়া টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ২০১৪ সালে। তাই, এটি প্রাইমারি টেট – ২০১৪ হিসেবে পরিচিত। অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এও জানিয়ে দেন, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিবর্তে অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে, আগামী তিন সপ্তাহের মধ্যে।





