দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: ফের রক্তাক্ত হল পশ্চিম মেদিনীপুর। প্রথম দফা নির্বাচনের মাত্র ৩ দিন আগে, পিংলা বিধানসভার অন্তর্গত তেলিপুকুর এলাকায়, এক তৃণমূল নেতার উপর অতর্কিতভাবে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথ সভা শুরু হওয়ার আগেই, বিজেপির লোকেরা তৃণমূলের নেতার উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের।


Whatsapp Group এ
আহত তৃণমূলের নেতা গৌরহরি দে বলেন, “বুধবার বিকেলে আমরা আমাদের প্রার্থী অজিত মাইতি’র সমর্থনে তেলিপুকুর এলাকায় একটি পথসভার আয়োজন করেছিলাম। সেই পথসভা শুরু হওয়ার আগে, স্থানীয় কিছু বিজেপির কর্মীরা হঠাৎ করে এসে আমাদের উপর হামলা চালায়। বাঁশ, রড দিয়ে আমার মাথায় মারে। আমার মাথা ফেটে যায়।” এরপরই, পথসভা বন্ধ করে সভার সামনে বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুলিশ পৌঁছলে অভিযোগ জানানো হয়। তারপরই বিক্ষোভ ওঠে। যদিও, বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তোলা হয়েছে।











