দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২২ এপ্রিল: শোকে মুহ্যমান পিতা বুকে পাথর চাপা দিয়েও এই মারণ ভাইরাসের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করা স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন। শোকার্ত পিতার নাম সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। মাত্র ৩৪ বছরের পুত্রকে হারালেন করোনার প্রাণঘাতী হামলায়! বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যু হল তাঁর বড় ছেলে আশিস ইয়েচুরি (Ashish Yechury)’র। পুত্র’কে হারানোর বেদনার্ত টুইট, মন ছুঁয়ে যাবে! তিনি লিখেছেন, “গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার বড় ছেলে আশিস ইয়েচুরি আজ সকালে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে! আমি ধন্যবাদ জানাচ্ছি সকল প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা তথা চিকিৎসক, নার্স, সাফাই কর্মী সহ প্রত্যেককে, যাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত ওকে বাঁচানোর (বা সুস্থ করার জন্য) আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং আমাদের পাশে যাঁরা আছেন তাঁদের সকলকে।” এভাবেই আজ সকালে টুইট করে একজন প্রকৃত বামপন্থী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন সীতারাম ইয়েচুরি! যদিও গতকাল পর্যন্ত, দেশে ভ্যাকসিন এবং অক্সিজেন পর্যাপ্ত ভাবে সরবরাহ করতে না পারার জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন সীতারাম। যেভাবে মৃত্যু মিছিল বেড়ে চলেছে, তাতে ভ্যাকসিন এবং অক্সিজেনের সরবরাহ যে অবিলম্বে বাড়ানো প্রয়োজন তা সকল বিশেষজ্ঞরাই একবাক্যে স্বীকার করছেন!


Whatsapp Group এ

এদিকে, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রদান করা তথ্য অনুযায়ী অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা’র হামলায় প্রাণ হারিয়েছেন ২১০৪ জন। ভয়াবহ এই তথ্য দেশবাসীকে আতঙ্কিত করতে বাধ্য! গতকাল সারা দেশে ২২ লক্ষ ১১ হাজার ৩৩৪ জন ভ্যাকসিন নিতে পেরেছেন। দেশে এখনও পর্যন্ত ১৩ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৬৪৪ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন (প্রথম ডোজ ও দুটি ডোজ সহ)। এদিকে, পশ্চিমবঙ্গেও সংক্রমণ লাগামছাড়া জায়গায় পৌঁছে গেছে! এই প্রথম ১০ হাজারের গন্ডী অতিক্রম করেছে সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের! করোনা’র দ্বিতীয় ঢেউয়ে এবার সত্যিই বেসামাল বাংলা থেকে মহারাষ্ট্র, দিল্লি থেকে কেরালা সর্বত্র। দ্রুতহারে ভ্যাকসিনেশন বা টিকাকরণই এক এবং অব্যর্থ সমাধান বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।











