মুখ্যমন্ত্রী হাসপাতালে, উত্তেজনা নন্দীগ্রামে! প্রাথমিক রিপোর্টে ‘দুর্ঘটনা’র পক্ষেই সায়, খুঁটিতে ধাক্কা বলল প্রত্যক্ষদর্শীরা

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, ১১ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এখনও তিনি ‘ট্রমা’য় আচ্ছন্ন বলে জানা গেছে। ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট ছাড়াও, তাঁর জ্বর ও সামান্য শ্বাসকষ্ট আছে বলে SSKM সূত্রে জানা গেছে। উডবার্ণ ব্লকে তিনি চিকিৎসাধীন। এদিকে, রাজ্য জুড়ে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তা-রেল লাইন অবরোধ করে বিক্ষোভ-প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় আহত মুখ্যমন্ত্রী’র ছবি পোস্ট করে, বিজেপির চক্রান্তের দিকেই আঙুল তুলেছেন এবং আগামী ২ রা মে মানুষ এর জবাব দেবে বলে জানিয়েছেন। যদিও, জেলা প্রশাসনের প্রাথমিক রিপোর্টে ‘দুর্ঘটনা’র পক্ষেই সায় দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অপরদিকে, নন্দীগ্রামে তৃণমূল – বিজেপি দু’পক্ষের বচসা ও হাতাহাতি ঘিরে এলাকায় এই মুহূর্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্যাপক পুলিশি টহল ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

thebengalpost.in
উডবার্ণ ব্লকে মুখ্যমন্ত্রী (ছবি : সংগৃহীত) :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   আগামীকালই তৃণমূলের প্রার্থী ঘোষণা, থাকছে একাধিক চমক! দেখে নিন পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার সম্ভাব্য প্রার্থীদের নাম ]

এদিকে, আজ সকালেই নন্দীগ্রামের ওই এলাকায় (বিরুলিয়া বাজারে) পৌঁছে যান জেলাশাসক বিভু গোয়েল এবং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সাধারণ মানুষের সাথে কথা বলে তাঁরা ঘটনার তদন্ত শুরু করেন এবং নবান্নে এর প্রাথমিক রিপোর্ট পাঠান বলে জানা গেছে। তবে, পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য আরও একটু সময় লাগবে বলে জানিয়েছেন জেলাশাসক বিভু গোয়েল। তিনি জানিয়েছেন, “তদন্তে ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মধ্যেও ফারাক রয়েছে। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হবে।” তবে, তদন্তের প্রাথমিক রিপোর্টে ‘দুর্ঘটনা’র বিষয়টিই উঠে আসছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করার পর রানীচকের মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে, ধাক্কাধাক্কিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আহত হন। বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট হয়েছে, কনভয় ঘিরে ব্যাপক ভিড় ছিল। ৬৬ বছর বয়সী মুখ্যমন্ত্রী (জঃ ৫ জানুয়ারি, ১৯৫৫) তাঁর গাড়ির দরজা খুলে, শরীরের প্রায় অর্ধেক অংশ বের করে মানুষের উচ্ছ্বাস-উন্মাদনার আস্বাদ গ্রহণ করেছিলেন! সেই সময়ই একটি খুঁটিতে ধাক্কা লাগে, তাঁর গাড়ির বামদিকের আধখোলা দরজার। আহত হন মুখ্যমন্ত্রী! এমনটাই ওই এলাকার স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদেরও বক্তব্য। তবে, তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশি নিরাপত্তায় শিথিলতা ও চক্রান্তের বিরুদ্ধে। এই ঘটনায় নির্বাচন কমিশন, স্বতঃপ্রণোদিত হয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে।

thebengalpost.in
রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা :

এদিকে, শিবরাত্রি উপলক্ষে আজ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সোনাচূড়ায় বাবা ত্রিলোকেশ্বর মহাদেবের মন্দিরে এবং পারুলবাড়িতে মহাদেবের মন্দিরে পুজো দিলেন। এখনও এই বিষয়ে তিনি সরাসরি কিছু না বললেও, উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। তাঁর বাবা সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, “ঘটনার ১০ মিনিটের মধ্যে সব জানতে পেরেছি! একটা পিঁপড়েও বিনা অনুমতিতে কাছে ঠেসতে পারেনা, আর চক্রান্তের অভিযোগ আনা হচ্ছে। উপযুক্ত তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।” এদিকে, নন্দীগ্রামের ঘটনায় রুজু করা হল মামলা। তৃণমূল নেতা শেখ সুফিয়ান অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নন্দীগ্রাম থানায়। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা! তৃণমূল, বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। কেউ বলছে, “মমতার নাটক, দুর্ঘটনাকে চক্রান্ত বলে সাজানো হচ্ছে”। কেউ বলছেন, “শুভেন্দু অধিকারী’র চক্রান্ত। বিজেপি পূর্ব পরিকল্পিত ভাবে ঘটিয়েছে”! অন্যদিকে, বিজেপি, বাম-কংগ্রেস সহ বিরোধীদের তরফেও দাবি করা হয়েছে, ঘটনার সমস্ত ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক। এমনকি, CBI তদন্তেরও দাবি করা হয়েছে। ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে কোটি কোটি বঙ্গবাসী।

thebengalpost.in
নন্দীগ্রামে আজ শুভেন্দু অধিকারী :

[ আরও পড়ুন -   পূর্ব মেদিনীপুরে পুড়ল পার্টি অফিস, পশ্চিম মেদিনীপুরে বিদ্রোহের আগুন ]