দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও কলকাতা, ২ ফেব্রুয়ারি: অতিমারীর প্রকোপে আবহাওয়াতেও যেন উলট-পুরাণ! মরশুমের শীতলতম দিন ফেব্রুয়ারিতে। সেটাও আবার রাঢ়বঙ্গ তথা জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরে! হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর জেলায় আজ চলতি মরশুমের শীতলতম দিন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যান সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গেছে, আজ (২ রা ফেব্রুয়ারি) সকাল ঠিক ৬ টা ১৫ মিনিটে রেকর্ড করা তথ্য অনুযায়ী, জেলার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস! নথিবদ্ধ হওয়া এই তাপমাত্রা অনুযায়ী, এটাই এই মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। প্রসঙ্গত, গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে, ৩১ শে জানুয়ারি থেকেই সারা রাজ্য জুড়ে চলছে উত্তুরে হাওয়া। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় উত্তুরে হাওয়ার দাপটে জুবুথুবু জেলাবাসী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ থেকে ১০ ডিগ্রির আশেপাশে। এর মধ্যেই গতকাল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। গতকাল ও আজ, এই দু’দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদার সাথে সাথে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, দুই ২৪ পরগণা, নদীয়া প্রভৃতি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করে, সাধারণ মানুষকে সাবধানে থাকার কথা বলা হয়েছে।









