ডায়মন্ডহারবারে নাড্ডার কনভয়ে হামলা, আক্রান্ত একাধিক সংবাদমাধ্যম, ‘নৈরাজ্য’ বললেন রাজ্যপাল, ‘পরিকল্পিত’ বললেন সুব্রত মুখোপাধ্যায়

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ডায়মন্ডহারবার, ১০ ডিসেম্বর: গতকাল ভবানীপুরের পর আজ (১০ ডিসেম্বর) ডায়মন্ডহারবার। ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রধান দুই টার্গেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো, সাংসদ ও যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা। গতকালের পর আজও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন নাড্ডা। তবে, গতকাল বড় অশান্তি রুখে দেওয়া গেলেও, আজ অশান্তি চরমে পৌঁছল। দুপুর ১২ টা থেকে ১ টা নাগাদ জে পি নাড্ডার কনভয় যখন ১১৭ নং জাতীয় সড়ক দিয়ে, আমতলা থেকে শিরাকোলের দিকে যাচ্ছিলেন, সেই সময়ই দফায় দফায় বিক্ষোভ-অবরোধের মুখে পড়ল কনভয়। শিরাকোল মোড় ছাড়তেই শুরু হল মুহূর্মুহূ ইটবৃষ্টি। জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়ির কাঁচ ভাঙল। গুরুতর আহত হলেন কৈলাস বিজয়বর্গীয়’র দেহরক্ষী। আহত দিলীপ ঘোষের এক নিরাপত্তা কর্মীও। কাঁচ ভাঙল পুলিশ ও সংবাদমাধ্যমের গাড়ির কাঁচও। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হল একাধিক সংবাদমাধ্যম। নাড্ডা বললেন, “বুলেট প্রুফ গাড়ি ছিল বলে বেঁচে গেছি। আজকের হামলা প্রমাণ করল বাংলায় অরাজকতা চলছে, আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আর বেশিদিন এই অরাজকতা সহ্য করতে হবেনা বাংলার মানুষ’কে।”

thebengalpost.in
একাধিক গাড়ির কাঁচ ভাঙল :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা! দিদির বাড়ি রওনা দিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাস্তাতেই মৃত্যু তরতাজা যুবকের ]

অপরদিকে, আজকের এই হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ হলেন রাজ্যপাল! তিনি বললেন, “গতকাল থেকে বারবার মুখ্যসচিবকে সতর্ক করে দিয়েছি, হামলার বিষয়ে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই হামলা চালাবে বলে আশঙ্কা করছিলাম। বাংলায় নৈরাজ্য চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমি!” অপরদিকে, শিরাকোল থেকে সরিষা রামকৃষ্ণ মিশনে যাওয়ার পথে আক্রান্ত হল, মুকুল রায়ের গাড়িও। সবমিলিয়ে, বিজেপির প্রত্যেক শীর্ষ নেতৃত্বের গাড়ির উপরেই হামলা হয়েছে। আক্রান্ত একাধিক নেতা ও কর্মীরা। এই ঘটনাকে “বিজেপি’র পরিকল্পিত অশান্তি সৃষ্টির চেষ্টা” বলে বিবৃতি দিয়েছে তৃণমূল। তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, “সম্পূর্ণ পরিকল্পিত ভাবে গতকাল থেকে অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। গতকাল কলকাতার পর আজ ডায়মন্ডহারবারকে টার্গেট করেছে বিজেপি। আমাদের কর্মীদের অনুরোধ করব প্ররোচনায় পা না দিতে। আজকের ঘটনার তদন্তও হবে। দোষীরা নিশ্চয়ই শাস্তি পাবে। তবে, বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে যেভাবে পূর্ব পরিকল্পিত ভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হল, তাকে নিন্দা না করে পারছিনা। আজকে আমাদের পাঁচ বছরের সাফল্যের রিপোর্ট কার্ড প্রকাশিত হচ্ছে, সেজন্যই এই পরিকল্পিত অশান্তির চেষ্টা।”

thebengalpost.in
জে পি নাড্ডার কনভয়ে হামলা :

[ আরও পড়ুন -   জেলা পরিষদের 'মেন্টর' পদ থেকে ইস্তফা শুভেন্দু ঘনিষ্ঠ নেতার, সবংয়ে অনুগামীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ ]