দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: নতুন ৩টি কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, সহায়ক মূল্যের আইন পাস ও অন্যান্য দাবির সমর্থনে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি (AIKSCC/এআইকেএসসিসি) ও
অন্যান্য কৃষক সংগঠনের ডাকে, আজ সারা দেশে বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে অবধি “রেল অবরোধ” কর্মসূচি পালিত হয়। কৃষকরা প্রায় ১০০০ জায়গায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
আজকে সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে প্রায় ৬০ জায়গায় রেল অবরোধ হয়। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, দুই ২৪ পরগণা, মালদা, দার্জিলিং, বীরভূম প্রভৃতি জেলার বিভিন্ন স্টেশনে রেল অবরোধে কৃষকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। অবরোধ হয় শহর কলকাতাতেও। কিষাণ সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই “রেল অবরোধ” কর্মসূচি চলমান কৃষক আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ! যতক্ষণ না কেন্দ্র সরকার কৃষকদের সব দাবি মেনে নিচ্ছে, এই ধরনের কর্মসূচি লাগাতার চলবে।







