দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ জানুয়ারি: রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে, প্রজেক্টের অধীনে থাকা আইসিটি কম্পিউটার টিচার (ICT Computer Teacher) দের দীর্ঘদিনের দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোম্পানির অধীনে থাকতে হবেনা তাঁদের। এবার সরাসররি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই কাজ করবেন তাঁরা এবং তা ৬০ বছর বয়স পর্যন্ত। রাজ্যে এরকম ৫৪৬২ জন শিক্ষক ছাড়াও, শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভাগে মোট ৭০৮ জন কম্পিউটার (বা IT Personnel) আছেন, তাঁদেরও স্থায়ীকরণ ও সরকারি চুক্তিভিত্তিক করা হল। গত ২৭ শে জানুয়ারি রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর এই বিষয়ক একটি বিজ্ঞপ্তি জারি করে, এই খুশির খবর জানিয়েছে। নির্বাচনের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপ যে যথেষ্ট ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে তা বলাই বাহুল্য! কারণ, মাত্র ৫,০০০ হাজার টাকার বিনিময়ে আইসিটি কম্পিউটার প্রজেক্টের শিক্ষকদের কাজ করতে হত কোম্পানির অধীনে। ছিলনা চাকরির নিশ্চয়তাও। তাই, গত কয়েক বছর ধরেই তাঁরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে, তাঁদের দাবি মেনে নেওয়া হল নির্বাচনের ঠিক মুখে।

রাজ্য সরকার গত ২৭ শে জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে, বিভিন্ন কোম্পানির অধীনে কর্মরত আই টি কর্মীদের (IT Personnel) এবার সরাসরি রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে গণ্য করা হবে। রাজ্য সরকারের ১৬ ই অক্টোবর, ২০২০ র নির্দেশিকা (Notification No. 192-IT/06/2020/P&R-eGov, dated 16/10/2020) অনুযায়ী তাঁরা সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের সমস্ত সুবিধা ভোগ করবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্যের এই হাজার ছয়েক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে এজন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আইসিটি কম্পিউটার টিচারদের একটি সংগঠন (WBICTSCWA) রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছে, “দীর্ঘদিনের আন্দোলনের জয় হল। কোম্পানি মুক্ত চাকরি যেন আমাদের কাছে করোনা মুক্ত জীবনের মতোই। এত স্বল্প বেতনে, অনিশ্চিত চাকরি করা চরম দুর্বিষহ হয়ে উঠেছিল। রাজ্য সরকার তা থেকে মুক্তি দিল। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে।”







