দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৩ নভেম্বর: জলপথের সমরসজ্জায় আরও শক্তিশালী হলো ভারত। এবার চিন ও পাকিস্তানকে টেক্কা দিতে জলে নামল ভারতের পঞ্চম স্করপেন সাবমেরিন “INS Vagir”। বুধবার মাজগাঁও ডক থেকে যাত্রা শুরু করে স্করপেন ক্লাসের এই পঞ্চম ডুবোজাহাজ। যার ফলে জলপথের সুরক্ষায় আরও একধাপ এগোল ভারতীয় নৌসেনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়া থেকে সাবমেরিনটির ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়কের স্ত্রী বিজয় নায়ক।

নিঃশব্দে শত্রুকে জলের নিচে ছিন্নভিন্ন করে দিতে পারে এই সাবমেরিন। ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার ‘Project-75’ এর অন্তর্গত ফরাসি অস্ত্রনির্মাতা DCNS-এর ডিজাইন করা ছ’টি স্করপেন বা কালভরি ক্লাস সাবমেরিন তৈরি করছে ভারত। এরমধ্যে INS Kalvari ও INS Khanderi নামের দু’টি স্করপেন সাবমেরিন ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৬৭ মিটার লম্বা এবং ওজনে দেড় হাজার টনেরও বেশি এই ডুবোজাহাজ চওড়ায় প্রায় সাড়ে ছয় মিটার। এটি এমন ভাবে বানানো হয়েছে যাতে দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকতে পারে। ‘স্করপেন’ থেকে অনায়াসে যুদ্ধজাহাজ ধ্বংস করার টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। শুধু তাই নয়, প্রায় শব্দহীন এই সাবমেরিনটিকে জলের তলায় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। গোপনে শত্রুর জলসীমায় ও বন্দরের চারপাশে ‘মাইন’ বিছিয়ে দিতেও এটির জুড়ি মেলা ভার।








