দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ ফেব্রুয়ারি: নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে পারে আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে। আজ তৃণমূল ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে, আগামীকালের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ ধরেই স্কুল খোলার বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল। শিক্ষামন্ত্রীও এই বিষয়ে সম্প্রতি জানিয়েছিলেন, ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খোলার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে, প্রথমেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে নয় , উঁচু ক্লাসগুলি দিয়েই শুরু করা হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আপাতত সেই ভাবনাতেই চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে, কোভিড বিধি মেনে ক্লাস শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে যে সবথেকে বেশি উপকৃত হবেন দশম ও দ্বাদশের পরীক্ষার্থীরা, তা বলাই বাহুল্য।

অপরদিকে, CBSE বোর্ডের তরফ থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সূচি প্রকাশ করা হল, অফিসিয়াল ওয়েবসাইটে। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪ ঠা মে থেকে শুরু হবে এবং ১০ ই জুন পর্যন্ত চলবে। পরীক্ষার ফল ঘোষণা করা হবে ১৫ ই জুলাই। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আগেই জানিয়ে দিয়েছিলেন, মে – জুন মাসে হবে CBSE র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আজ বোর্ডের তরফে চূড়ান্ত পরীক্ষা সূচি প্রকাশ করা হল।









