দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১ মে: প্রকাশিত হয়েছিল আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি। শনিবার সন্ধ্যায় সেই আংশিক লকডাউনের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। যেখানে জানানো হয়েছে, সর্বোচ্চ ৫০ জনকে বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে। তবে, বিয়েবাড়িতে আমন্ত্রিত প্রত্যেককে কড়াভাবে করোনা বিধি মেনে চলতে হবে।


Whatsapp Group এ
পাশাপাশি, কোন কোন দোকান, কখন খোলা থাকবে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে এই সংশোধনীতে। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে- মুদিখানা, ওষুধের দোকানের পাশাপাশি দুধের দোকান, টেলি কমিউনিকেশনের দোকান, বিদ্যুৎ সামগ্রীর দোকান, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত দোকানের মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনে লাগে এমন জিনিস বিক্রি করা হয় যে সব দোকানে, সেগুলো এই আংশিক লকডাউনের আওতায় আসবে না। এই ধরণের দোকান সারাদিন খোলা রাখা যাবে বলেই শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি হওয়া দোকানের পাশাপাশি মিষ্টির দোকান, মাংসের দোকানও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।










