অতিমারীর অদম্য আক্রমণে আতঙ্কিত সারা দেশ! একদিনে প্রায় ১ লক্ষ, রাজ্যে ১ হাজার ছাড়াল, মেদিনীপুর-খড়্গপুর সহ জেলায় ৫ জন

thebengalpost.in
স্বাস্থ্য বিধি মেনে ভোটদান প্রক্রিয়া :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, মণিরাজ ঘোষ, ২ এপ্রিল: অতিমারী ক্রমেই অদম্য-অপ্রতিরোধ্য হয়ে উঠছে সারা দেশে! ২০২১ সালের শুরুতে আশা জাগিয়েও করোনা সংক্রমণ ফের ভয়াবহ রূপ নিয়েছে মার্চ থেকে। আজ তার চরম প্রকাশ ঘটল! প্রায় ১ লক্ষ (৮১,৪৬৬) মানুষ আক্রান্ত হলেন গত চব্বিশ ঘণ্টায়। এ যেন মনে করিয়ে দিচ্ছে ২০২০ সালের সেই ভয়ঙ্কর সংক্রমণের মাসগুলির (জুলাই-আগস্ট) কথা। মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ (প্রায় ৪৪,০০০) হলেও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি, কেরালা, উত্তর প্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ প্রায় প্রতিটি রাজ্যই ফের করোনা জ্বরে কাবু হয়ে পড়েছে! গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু’র সংখ্যাও আতঙ্কিত হওয়ার মতোই। ৪৬৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আজ সকালের বুলেটিন অনুযায়ী। ইতিমধ্যে, প্রায় ৬ কোটি ৮৮ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। সর্বসাধারণের জন্য ভ্যাকসিনেশনের গতি দ্রুত বাড়ানোর কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। একইসঙ্গে, প্রতিটি জেলা ও রাজ্যকে চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

thebengalpost.in
বাড়ছে করোনা সংক্রমণ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

পশ্চিমবঙ্গেও করোনা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গতকাল সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১২৭৪ জন! করোনা’র দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম হাজারের গন্ডী অতিক্রম করায়, স্বস্তিতে নেই রাজ্যও। কলকাতা ও উত্তর ২৪ পরগণার অবস্থা সবথেকে মারাত্মক। গতকাল আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৯৯ ও ৩৪৪ জন। মৃত্যুও হয়েছে দুই জেলায় ১ জন করে মোট ২ জনের। গতকাল রাজ্যে প্রায় ১ লক্ষ ৯০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল রাতের রিপোর্ট অনুযায়ী, খড়্গপুরে ৩ জন ও মেদিনীপুর শহরে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে, গত ৩ দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হলেন মোট ২৭ (১২+১০+৫) জন। এই মুহূর্তে জেলায় প্রতিদিন গড়ে ভ্যাকসিন নিচ্ছেন ১৮-২০ হাজার মানুষ। তা সত্ত্বেও সতর্ক করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “ভ্যাকসিনেশন এবং RT-PCR টেস্ট দুইই চলছে স্বাস্থ্য দপ্তরের সঠিক নির্দেশিকা মেনে। তা সত্ত্বেও সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে বাইরে বেরোলেই।”

thebengalpost.in
চলছে ভ্যাকসিনেশনও :

আরও পড়ুন -   পথ দুর্ঘটনায় আহত ডেবরার জনপ্রিয় নেতা ও কর্মাধ্যক্ষ প্রদীপ কর, অনভিপ্রেত ঘটনায় চাঞ্চল্য