দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: অনেক হয়েছে, এবার আর ছাড় নয়! পথে নামল জেলা পুলিশ। জেলা শহর মেদিনীপুর সহ জেলার প্রতিটি এলাকাতেই এবার “মাস্ক পরা” বাধ্যতামূলক করতে, পথে নামলেন নিকটবর্তী থানার পুলিশ আধিকারিক সহ পুলিশ বাহিনী। মূলত বাজারগুলিতে পৌঁছে গিয়ে, হাতে মাইক নিয়ে দোকানদার ও খদ্দেরের দল (ক্রেতা ও বিক্রেতা), উভয়কেই সচেতন করলেন তাঁরা। শুধু মাইক হাতে সচেতনতার বার্তা নয়, একেবারে দোকানের ভেতরে ঢুকে সতর্ক করা হল দোকানিকে! এবার থেকে মাস্ক ছাড়া কোনও খদ্দেরকে জিনিস বিক্রি না করার কড়া নির্দেশিকা জারি করা হল। এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে, “No Mask, No Sale”। আজ অবশ্য সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে মাস্ক-হীন ক্রেতা-বিক্রেতাদের মাস্কও পরিয়ে দিয়েছেন পুলিশ কর্মীরা।


Whatsapp Group এ
পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর মেদিনীপুর শহরের প্রতিটি বাজারেও আজ জেলা পুলিশের নেতৃত্বে কোতোয়ালী থানার পক্ষ থেকে এই সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। রাজাবাজার, কেরানীটোলা, বটতলা প্রভৃতি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মাইক হাতে সচেতনতার বার্তা দেওয়া ছাড়াও চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে ক্রেতা ও বিক্রেতাদের। উল্লেখ্য যে, গত ৩ দিনে (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) পশ্চিম মেদিনীপুর জেলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ২২৯ জন (৮২, ৫৮, ৮৯)। এর মধ্যে শুধু মেদিনীপুর শহরেই ৫০ জন (২০, ১৬, ১৪)! তা সত্ত্বেও হুঁশ নেই শহরবাসীর। বিশেষজ্ঞরা যখন বারবার বলছেন, করোনা’র এই সেকেন্ড ওয়েভ বা নিউ স্ট্রেইন আগের থেকেও ভয়ঙ্কর, সেই সময় মাস্ক ছাড়াই অবাধে ঘোরাফেরা ও বাজারহাট চলছে। বাধ্য হয়েই তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।











