দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৯ নভেম্বর : প্রযুক্তির এই যুগে যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে দৈনন্দিন ব্যবহারের গ্যাজেটগুলি। যার ফলে আরও সহজ হচ্ছে জীবনযাপন। তাই, এবার গ্রাহকদের কথা ভেবেই প্রথম বারের জন্য স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে Redmi। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, মাত্র ৩৫ গ্রামের এই স্মার্টওয়াচ লাগাতার 7 দিন অবধি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে লং ব্যাটারি মোড অপশন চালু করে রাখলে সে ক্ষেত্রে 12 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ হতে পারে।

চলুন একনজরে দেখে নেওয়া যাক কি কি ফিচার্স থাকছে এই স্মার্টওয়াচে :
১. এই স্মার্টওয়াচে রয়েছে 1.4 ইঞ্চির স্কোয়্যার ডিসপ্লে, যার রেজোলিউশন 320×320 পিক্সেলস। এছাড়াও এই ডিসপ্লে-র ডেনসিটি 323ppi পিক্সেল এবং এতে 2.5D টেম্পার্ড গ্লাস স্ক্রিন রয়েছে।
২. এতে রয়েছে 24×7 হার্ট রেট মনিটর এবং সাত রকমের স্পোর্টস মোডস। আউটডোর রানিং থেকে শুরু করে ইন্ডোর রানিং, আউটডোর সাইক্লিং, ইন্ডোর সাইক্লিং, ওয়াকিং, সুইমিং ইন দ্য পুল এবং ফ্রি অ্যাক্টিভিটিসের মতো সুবিধেও রয়েছে।
৩. এই ডিভাইসটি 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স অর্থাৎ এর সাহায্যে জলে 50 মিটার অবধি কাজ করতে পারে এটি। অনবোর্ড সেন্সরের দিক থেকে এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট সেন্সর, ছয়টি অ্যাক্সিস সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর এবং একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও।
৪. এই ঘড়িতে কালার অপশন রয়েছে বহু। এলিগ্যান্ট ব্ল্যাক, ইঙ্ক ব্লু, আইভোরি হোয়াইট। এছাড়াও এতে থাকছে স্ট্র্যাপ কালার্স ভ্যারিয়্যান্টের অপশনও। সেই সব রঙের মধ্যে রয়েছে এলিগ্যান্ট ব্ল্যাক, ইঙ্ক ব্লু, আইভোরি হোয়াইট, চেরি ব্লসম পাউডার এবং পাইন নিডল গ্রিন।

চিনে এই স্মার্টওয়াচের দাম CNY 299 অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 3300 টাকা। তবে প্রি-অর্ডার করতে গেলে এই স্মার্টওয়াচে থাকছে বিপুল ছাড়। প্রি-বুকিংয়ে ভারতীয় মূল্যে প্রায় 3000 টাকাতেই পাওয়া যাবে এটি। 1 ডিসেম্বর থেকে Mi.com-এ সেলে বিক্রি শুরু হবে এই স্মার্টওয়াচের।







