দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১ নভেম্বর : এভাবে ফাঁকা মাঠে, নির্দিষ্ট নিয়ম না মেনে আবর্জনা ফেলায় এবং বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা (Solid Waste Management) না থাকায়, পরিবেশ এবং এলাকাসী চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে, খড়্গপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড প্রসঙ্গে এমন মন্তব্যই করেছে গ্রীন ট্রাইব্যুনাল (National Green Tribunal) বা জাতীয় পরিবেশ আদালতের প্রিন্সিপাল বেঞ্চ। গত ১৫ অক্টোবর, ২০২০ জাতীয় পরিবেশ আদালত (গ্রীন ট্রাইব্যুনাল) নির্দেশ দিয়েছে, খড়্গপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড সঠিক জায়গায় গড়ে ওঠেনি এবং বর্জ্য প্রক্রিয়াকরণ করার ব্যবস্থাও নেই, তাই যাতে এই ডাম্পিং গ্রাউন্ড উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ম মেনে অন্যত্র গড়ে তোলা হয়, সেই বিষয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (The State Pollution Control Board) কে অবিলম্বে পদক্ষেপ (Immediate Action) নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর গ্রামীণের হীরাডিহি এলাকায় থাকা ইরিগেশন ক্যানাল বা সেচ খালটি সহ এলাকার বিভিন্ন জলাশয় এবং গ্রামবাসীদের স্বাস্থ্যের প্রভূত ক্ষতি হচ্ছে এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে জঞ্জাল-আবর্জনা ফেলার ফলে, এমনটাই মনে করেছে আদালত। গত ২০ ফেব্রুয়ারি, ২০২০ এর নির্দেশ অনুযায়ী, জাতীয় পরিবেশ আদালত এই বিষয়ে যে কমিটি গড়ে দিয়েছিল, সেই কমিটির রিপোর্ট অনুযায়ী খড়্গপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের কোন নিয়ম সঠিকভাবে মানা হয়নি, তাই অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। একইসাথে, প্রতিমাসে দু’লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে খড়্গপুর পৌরসভাকে, এই নির্দেশ অমান্য করলে আরো এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পরিবেশ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন ৭০ মেট্রিক টন আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে, সঙ্গে মৃতদেহ সৎকারের ব্যবস্থা, সবমিলিয়ে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য এবং পানীয় জলের অবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে! তাই, অতি সত্ত্বর ডাম্পিং গ্রাউন্ড উপযুক্ত স্থানে সরিয়ে নিতে হবে বলে, আদালত নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে উদ্ধৃত করে বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে এবং মামলার পরবর্তী শুনানি ২৩ শে ডিসেম্বরের আগে এই নির্দেশ কার্যকরী করতে হবে। এলাকাবাসী তথা অভিযোগকারীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে, এমনটাই নির্দেশ দিয়েছে, গ্রীন ট্রাইব্যুনাল বা জাতীয় পরিবেশ আদালত। আগামী ২৩ শে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি বলেও জানিয়ে দিয়েছে আদালত। এদিকে, এই নির্দেশ প্রসঙ্গে খড়্গপুর পৌর প্রশাসক মন্ডলীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এই বিষয়ে লিখিত আকারে আদালতকে উপযুক্ত তথ্য প্রদান করেছে এবং সঠিক নিয়ম মেনে এখানেই ডাম্পিং গ্রাউন্ড করা হবে। যদিও, এলাকাবাসী এই সিদ্ধান্ত মানতে রাজি নয়! উল্লেখ্য যে, গত জুন মাস থেকেই এই ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পদার্থ বা আবর্জনা ফেলা বন্ধ আছে, এলাকাবাসীদের বিক্ষোভের কারণে! এই নির্দেশের ফলে, আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত জঞ্জাল বা আবর্জনা ফেলা বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে খড়্গপুর পৌরসভা কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে খড়্গপুরবাসী।








