দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: অবশেষে সাফাইকর্মীদের কর্মবিরতি উঠল। মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সপ্তাহখানেক ধরে কর্মবিরতি পালন করছিলেন। পৌরসভার সামনে চালিয়ে যাচ্ছিলেন অবস্থান বিক্ষোভ। অবশেষে, শনিবার বিকেলে (৩০ জানুয়ারি) সাফাইকর্মী সংগঠনের সঙ্গে পৌরসভার প্রশাসক মন্ডলীর বৈঠকে সমস্যার আপাত সমাধান হয়। ফেব্রুয়ারি মাস থেকেই সাফাইকর্মীদের মাসিক ভাতা (বেতন) ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর আজ সোমবার থেকেই সাফাইকর্মীরা পুনরায় কাজে যোগদান করেছেন।

দীর্ঘদিন ধরেই বেতন বা ভাতা বৃদ্ধি সহ একাধিক সুযোগ-সুবিধা’র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সাফাই কর্মীরা। পরে সেই আন্দোলন উঠেও যায়। এরপর নতুন বছরের শুরুতেই, গত ১৮ ই জানুয়ারি থেকে ফের কর্মবিরতি শুরু করেন সাফাইকর্মীরা। শহরের রাস্তা-ওলি-গলি আবর্জনায় ভর্তি হয়ে যায়। তাদের মূল দাবি ছিল, বর্তমান সময়ের প্রেক্ষিতে তাদের ভাতা বৃদ্ধি করতেই হবে। এছাড়াও, চিকিৎসা ভাতা সহ মৃত্যুর পর পরিবারের একজনকে স্থায়ী চাকরি প্রদান সহ বিভিন্ন দাবি করা হয়। তবে, এই মুহূর্তে ৫০০ টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তই হয়েছে বলে জানিয়েছেন প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য নির্মাল্য চক্রবর্তী। বৈঠকে উপস্থিত ছিলেন, প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান দীনেন রায়, সদর মহকুমাশাসক নীলাঞ্জন ভট্টাচার্য, বিশ্বনাথ পান্ডব এবং সাফাই কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ।








