দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, দিনহাটা (কোচবিহার), ২৪ মার্চ: বুধবার সাতসকালে বিজেপি’র মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ভোটের বঙ্গ ফের উত্তপ্ত হয়ে উঠল! কোচবিহারের দিনহাটায়, পশু হাসপাতালের বারান্দায় ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় আজ সকালে। জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীর নাম অমিত সরকার। এ নিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, “ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে।” ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।


Whatsapp Group এ
পশ্চিমবঙ্গের বিজেপি’র সহ-পর্যবেক্ষক অমিত মালব্যও সরব হয়েছেন ঘটনা নিয়ে। বুধবার সকালে এই ঘটনা নিয়ে টুইট করে তৃণমূলের প্রতি আক্রমণ শানিয়েছেন তিনি। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক! যে বিজেপি নেতা বা কর্মী খুনের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে, তিনি নিশ্চয় দেখে ওই দাবি করছেন। তাহলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করুক। এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আপনাদের মুখ থেকেই জানলাম। তাই না জেনে কিছু বলতে চাইছি না।” ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও করেছেন তিনি।











