দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: আশঙ্কাই সত্যি হল! এবারের নির্বাচনে হিংসা ও অশান্তির আশঙ্কা করছে শাসক থেকে বিরোধী সমস্ত দলগুলি। নির্বাচনের মাত্র কয়েকঘন্টা আগে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বন্দুক উদ্ধারের ঘটনায়, সেই আশঙ্কাই যে সত্যি হল তা বলাই বাহুল্য। আগামীকাল (২৭ মার্চ) খড়্গপুর গ্রামীণ, কেশিয়াড়ি সহ পশ্চিম মেদিনীপুরের ৬ টি বিধানসভায় নির্বাচন। তার কয়েক ঘন্টা আগে, খড়্গপুর শহরের কৌশল্যা পুলিশ ফাঁড়ির কাছে নাকা চেকিংয়ে উদ্ধার করা হল একটি 7mm পিস্তল ও দুটি গুলি। একটি নম্বর-বিহীন পালসার বাইকে করে ফকিরা নায়েক নামে এক যুবক খড়্গপুর শহরে ঢুকছিলেন। সন্দেহ হওয়ায়, কৌশল্যা ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকায় ও তল্লাশি করে। ওই যুবকের কাছ থেকে একটি সেভেন এম এম (7 mm) পিস্তল ও দুটি বন্দুক পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে ওই যুবক! সে জানিয়েছে, কেশিয়াড়ি থেকে বেলদা হয়ে সে খড়্গপুরে আসছিল। তার বাড়ি শহরের নিমপুরা এলাকায়। পুলিশ ওই পালসার বাইক এবং ফকিরা নায়েককে আটক করেছে। তার নামে FIR ও করা হয়েছে।


Whatsapp Group এ
এদিকে, আজ সকালেই মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর শহরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, এবারের নির্বাচনে ব্যাপক হিংসা ও অশান্তির চেষ্টা হবে! আজ সকালে শালবনীতে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিভিন্ন জায়গায় শাসকদল ব্যাপক বেআইনি অস্ত্র ও দুষ্কৃতীদের ঢোকাচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে। খড়্গপুর শহরে গোলাগুলির আশঙ্কা করছি আমরা। আমি নির্বাচন কমিশনকেও এই বিষয়ে জানিয়েছি।” এর ঠিক ঘন্টাখানেকের মধ্যেই আজ দুপুর ১২-১ টা নাগাদ নাকা চেকিংয়ে বন্দুক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










