দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: কে এই ফ্রাঙ্ক ওরেল (Frank Worrel), যাঁর নামে প্রতিবছর রক্তদান শিবির (Blood Donation Camp) অনুষ্ঠিত করে সিএবি (Cricket Association of Bengal) এবং জেলা ক্রীড়া সংস্থাগুলি। প্রশ্ন জাগে অনেকেরই মনে! ১৯৬২ সালে বার্বাডোজে মুখোমুখি হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন নরি কনট্র্যাক্টর এবং দিলীপ সরদেশাই। ১৯৬২ এর ৩ রা ফেব্রুয়ারি (3rd February, 1962) চার্লস গ্রিফিথের ভয়ঙ্কর বাউন্সার গিয়ে লাগে নরি কনট্র্যাক্টেরের মাথায়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় নরি মাটিতে লুটিয়ে পড়েন! হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানান, নরিকে বাঁচাতে হলে অবিলম্বে রক্তের প্রয়োজন। সেইসময়, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ফ্রাঙ্ক ওরেল (Frank Worrel) এগিয়ে আসেন। নিজে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন নরিম্যানের! সেই ওরেলকে শ্রদ্ধা জানিয়ে, ১৯৮১ সাল থেকে প্রতিবছর সিএবি তার প্রতিষ্ঠা দিবস পালনের সাথে সাথে, ৩ ফেব্রুয়ারি দিনটিকে ‘ফ্রাঙ্ক ওরেল ডে’ (Frank Worrell Day) হিসেবে পালন করে আসছে এবং তাঁর নামে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। এই বছর কোভিড বিধি মেনেও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন, সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল, ঝুলন গোস্বামীর সই করা শংসাপত্র।


এদিকে, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা’র (DSA) উদ্যোগেও আজ (৩ রা ফেব্রুয়ারি) পালিত হল ফ্রাঙ্ক ওরেল ডে। প্রতি বছরের মতো এই বছরও, মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে, ‘ফ্রাঙ্ক ওরেল ডে’ পালনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, সমাজসেবী এবং সংস্থা’র অন্যতম পদাধিকারী সুজয় হাজরা, মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি সঞ্জিত তোরই, রেফারি অ্যাশোসিয়েশনের ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।









