দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ মার্চ: এবার আগুন লাগল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) সংলগ্ন হিজলী এলাকার জঙ্গলে! সন্ধ্যা নাগাদ দাউদাউ করে জ্বলতে দেখা যায় ওই জঙ্গল। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। তবে, ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে একাধিক গাছ! এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিছুক্ষণের জন্য। প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়্গপুরের ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপক-অধ্যাপিকারা হতাশ হয়ে পড়েছেন এই ঘটনায়। প্রকৃতিকে রক্ষা করার পরিবর্তে এইভাবে স্থানীয় মানুষ প্রকৃতির নিধনে নেমে পড়ায়, দুঃশ্চিন্তার ছাপ প্রত্যেকের কপালে!


Whatsapp Group এ
একদিকে যখন বসুন্ধরা ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ছে। গরমে হাঁসফাঁস করছে মানুষ থেকে সমগ্র জীবজগৎ, সেই সময় একের পর এক জঙ্গলে অবলীলায় আগুন লাগিয়ে দিয়ে, সবুজ-সজীব প্রকৃতির নিধন ঘটাচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব ‘মানুষ’! বেহুঁশ হয়ে পৈশাচিক উল্লাসে মেতে উঠছেন। আর, জীববৈচিত্র্য বা বাস্তুতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। কোনোভাবেই এই নারকীয় প্রবৃত্তি থেকে তাকে নিরস্ত করা যাচ্ছেনা! বোঝানো যাচ্ছে না, সর্বংসহা প্রকৃতি মুখ বুঝে সহ্য করছে ঠিকই, বৃহত্তর মানবসমাজ অচিরেই গভীর এক অন্ধকার ডুব দিচ্ছে। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের (শুধু পশ্চিম মেদিনীপুর নয় পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্র) একাধিক জঙ্গলে যেভাবে পরপর আগুন লেগেই চলেছে, তাতে সত্যিই মানুষের অসচেতনতা, অজ্ঞতা আর সঙ্কীর্ণ মনোচেতনাই পরিস্ফুট হচ্ছে! বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বনদপ্তর, বারবার সচেতনতা বৃদ্ধি’র কাজে এগিয়ে এলেও সকলেই যেন অসহায় পড়ছেন সঙ্কীর্ণচেতা মানুষের দূরভিসন্ধির কাছে।










