দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ এপ্রিল: এবার ‘ব্যান’ করা হল বিজেপি প্রার্থী রাহুল সিনহা’কে। শীতলকুচি কান্ডে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে হাবড়ার বিজেপি প্রার্থী তথা দলের প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা’কে ৪৮ ঘন্টার জন্য ‘নিষিদ্ধ’ ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ (১৩ এপ্রিল) দুপুর ১২ টা থেকে আগামী বৃহস্পতিবার (১৫ ই এপ্রিল) দুপুর ১২ টা পর্যন্ত কোনো প্রচারকার্যে অংশগ্রহণ করতে পারবেন না রাহুল সিনহা। প্রসঙ্গত, শীতলকুচি কান্ডে রাহুল সিনহা মন্তব্য করেছিলেন, “৪ জন নয় ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল!” এ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছিল। অবশেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারের নির্বাচনে দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাহুল সিনহার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন।


Whatsapp Group এ
অন্যদিকে, নিজের ঘোষণা অনুযায়ী গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তাঁকে ২৪ ঘন্টার জন্য ‘নিষিদ্ধ’ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে, গতকালই ধর্নায় বসার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ঘোষণা অনুযায়ী তিনি একাই ধর্নায় বসেছেন। উল্লেখ্য যে, সঙ্গী সাথীদের নিয়ে ধর্নায় বসার অনুমতি মেলেনি। তাই তাঁর অনুগামীরা তাঁর থেকে অনেকটা দূরে আছেন। সূত্রের খবর অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত (রাত্রি ৮ টা পর্যন্ত তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে) ধর্না চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তারপরই, রাত্রি সাড়ে আটটা থেকে থেকে তিনি দু’টি জনসভা করবেন, যথাক্রমে বারাসত ও বিধাননগরে।










