দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: “করোনা মোকাবিলাই আমাদের প্রাথমিক লক্ষ্য”, মেদিনীপুর পৌরসভার পৌর-প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে জানালেন দীনেন রায়। খড়্গপুর গ্রামীণের বিধায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। তার সঙ্গে আবারও তাঁকেই মেদিনীপুর পৌরসভার দায়িত্ব অর্পণ করা হল, নির্বাচন না হওয়া অবধি। এর আগে, তিন সদস্যের পৌর-প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ছিলেন দীনেন। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি’র মৃত্যুর পর অবশ্য দুই সদস্যের পৌর-প্রশাসকমণ্ডলী হয়ে যায়। দীনেন রায় ছাড়া ছিলেন ২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী। নির্বাচনের আগে অবশ্য দায়িত্ব ছাড়তে হয় তাঁদের। নির্বাচনের পরই ফের নতুন নির্দেশ আসে রাজ্য থেকে। এবার যদিও এখনও পর্যন্ত পৌর-প্রশাসকমণ্ডলী গঠনের নির্দেশ আসেনি রাজ্য সরকারের তরফে। তবে, নির্দেশ এলে দায়িত্বে নির্মাল্য-ই থাকবেন বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে।


Whatsapp Group এ

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা আসে, তাতে দীনেন রায়’কে মেদিনীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিতে বলা হয়। বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার মদনমোহন দে। নির্বাচনের সময়কালে তিনিই মেদিনীপুর পৌরসভার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ে দীনেন ও মদনমোহন- দু’জনকেই সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন নির্মাল্য চক্রবর্তীও। দায়িত্ব নিয়ে দীনেন বলেন, “সকলের সহযোগিতায় মেদিনীপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। প্রাথমিক লক্ষ্য করোনা মোকাবিলা।” এদিকে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও শুভেচ্ছা জানিয়েছেন দীনেন রায়’কে।









