দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নিউ দিল্লি, ৩০ এপ্রিল: করোনা জ্বরে কাঁপছে সারা দেশ! কিছুতেই যেন বাগে আনা যাচ্ছেনা অদৃশ্য এই শত্রুকে। দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র মাস খানেকের ব্যবধানেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে বেড়ে ৪ লক্ষের কাছাকাছি পৌঁছেছে! শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত যা সর্বাধিক! যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬-এ। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩,৪৯৮ জন। পাশাপাশি, করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এখনও পর্যন্ত সারা দেশে টিকা নিয়েছেন ১৫ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ।


Whatsapp Group এ
এদিকে, এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সলি সোরাবজি। শুক্রবার ভোরে দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৮৯ সালে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন সোরাবজি। মাত্র ১ বছরের জন্য এই দায়িত্বভার পেলেও ১৯৯৮ সালে ফের এই দায়িত্ব নেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি। ২০০২ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে, আজই এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পরের দিনই, ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে, আজকেই লকডাউন ঘোষণা না হলেও, বিকল্প বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।











