দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ মার্চ : সারা দেশে করোনা সংক্রমণ ভয়াবহ ভাবে বৃদ্ধি পাচ্ছে! গত চব্বিশ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৫,৯৫৯ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১০,০০০ বেশি। এই তথ্য যে রীতিমতো আশঙ্কার তা বলাই বাহুল্য! এদিকে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। অপরদিকে, নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে, রাজ্যে ততোই ঝড় উঠছে প্রচারের ময়দানে! ঝড় উঠছে করোনা সংক্রমণেও। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন ২৮৩ জন (আগের দিন ছিল ২৭৬)। এদিনও সর্বাধিক সংক্রমণ কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ জন। সংক্রমণের নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় করোনায় সংক্রমিত হয়েছেন ৯০ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। তাঁদের মধ্যে ২ জন উত্তর ২৪ পরগণা, একজন কলকাতা ও অপরজন হাওড়ার বাসিন্দা।


Whatsapp Group এ
রাজ্যের কোভিডগ্রাফ এবং মৃত্যুর হার নতুন করে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। দিন কয়েক আগেই মৃত্যু শূণ্যে নেমে এসেছিল। সংক্রমণ ২০০ র নীচে নেমে গিয়েছিল। কিন্তু, সেই সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগও। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, রবিবার পর্যন্ত এই রাজ্যে চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ জন। তবে, সুস্থতার হার, ৯৭.৬৮ শতাংশ। হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধির প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডবিধি মানছেনা আমজনতা। তার ওপর চলছে রাজনৈতিক মিটিং, মিছিল। সেখানেও কোভিডবিধি ঠিকঠাক মেনে চলা হচ্ছেনা। যে কারণেই রাজ্যজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ! এ প্রসঙ্গে উল্লেখ্য যে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহলের করোনা পরিস্থিতি এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চলছে সফলভাবে।










