দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ ডিসেম্বর: গুরুতর অসুস্থ অবস্থায় উডল্যান্ডসে ভর্তি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট বৃদ্ধি পায় আজ। দুপুর ২ টো নাগাদ, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁকে কলকাতার উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে বলে জানা যায়। হাসপাতালের ফ্লু ক্লিনিকে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৭০ শতাংশের কাছাকাছি। তাঁর করোনা পরীক্ষাও করা হবে বলে জানা গেছে।


প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা। সম্প্রতি, রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর বাসভবনে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী’র সাথে দেখা করে এসেছিলেন। শেষবার বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে বাইরে দেখা গিয়েছিল তাঁকে। তারপরক থেকে কার্যত নিজেকে ঘরবন্দিই রাখতেন বুদ্ধদেব ভট্টাচার্য। উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছেন।








