দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে ২৪ ঘন্টাও হয়নি! তৃণমূলের যুবরাজ বেছে নিলেন বিপ্লবের মাটি মেদিনীপুরকে। শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩ টে নাগাদ তাঁর হেলিকপ্টার নামে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে। সেখান থেকেই সরাসরি র্যালিতে যোগদান করেন অভিষেক। ঘাটালের নিমতলা থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটারেরও বেশি এই রোড শোতে অংশগ্রহণ করেন তিনি। রীতিমতো, জনজোয়ারের সৃষ্টি হয় এই রোড-শো বা র্যালিতে! পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ষাট হাজার মানুষ অংশগ্রহণ করেন আজকের র্যালিতে!


Whatsapp Group এ
বিবেকানন্দ মোড়ে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অভিষেক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “সকাল বেলায় লোকের বাড়ি-বাড়ি গিয়ে খাচ্ছেন ওঁরা। সকাল বেলায় কলাপাতার সঙ্গে দোস্তি করছেন, আর বিকেলবেলা পাঁচতারায় গিয়ে মস্তি করছেন।” রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন, ” মেদিনীপুর কারও বাপের সম্পত্তি নয়! ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’! পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ১৫ টি আসনের মধ্যে ১৫-০ করতে পারলে, রাজ্যে তৃণমূল কংগ্রেস ২৫০ টি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে।”











