দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৩ এপ্রিল:একইদিনে জেলায় তিন-তিনটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল! সকালে ফলকনামা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছিল রেললাইনে কর্মরত ৪ জন গ্যাংমানের। ভরদুপুরে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁশগেড়িয়া এলাকার পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪ জনের! আহত আরোও ৮ জন। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর নাগাদ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Whatsapp Group এ
জানা গেছে, আজ দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কেশররেখা গ্রাম থেকে ১২ জন একটি পিকআপ ভ্যান ভাড়া করে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়সেনী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছিলেন। দ্রুত গতিতে থাকা পিকভ্যনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। আহত বাকি ৮ জনকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার ফলে বেশ কয়েক ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


এই দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই, কেশিয়াড়ির বিদ্যাধর গ্রামে রাজ্য সড়কের উপর ঘটে যায় আরও একটি মারাত্মক দুর্ঘটনা। কাজ সেরে বাইকে করে ফেরার পথে, শ্রীমন্ত মাইতি (৪৬) নামে এক ব্যক্তি পিকাপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারান! স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ব্যবসায়ী শ্রীমন্ত বাবু বাইকে করে কেশিয়াড়ির দিক থেকে ফিরছিলেন, সেইসময়ই দ্রুত গতির পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকের পেছনে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি! স্থানীয়রা উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জেলায় এই নিয়ে মোট তিনটি দুর্ঘটনায় একইদিনে (৩ এপ্রিল) প্রাণ হারালেন মোট ৯ জন, আহত ৮ জন!










