দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি : মাথায় আঘাত নিয়েএক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জামডাঙ্গর গ্রামে। ঘটনায় জড়িত সন্দেহে ঐ
ব্যক্তির ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলদা থানার জামডাঙ্গর গ্রামের ৪০ বছর বয়সী নারায়ণ সাঁতরাকে গতকাল মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ও
পরে অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে, ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় নারায়ণ বাবুর। এরপর ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতদেহ সংগ্রহ করে পুলিশ
তা ময়নাতদন্তের জন্যও পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় ঐ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে ভিন্ন মত উঠে আসায় পুলিশ ঐ ব্যক্তির ছেলে বাপি ওরফে সুখেন্দু
সাঁতারাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
এলাকাবাসীদের দাবী মোবাইলে গেম খেলা নিয়ে বাবা-ছেলের অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে, বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ছেলে; আর তাতেই গুরুতর আহত হন নারায়ণ বাবু। পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। যদিও এই অভিযোগ খন্ডন
করে পরিবারের দাবি, ছাদে কাজ চলছিল, সেখান থেকেই অসাবধানতাবশত মাথায় হাতুড়ি পড়ে যায়! এদিকে ঘটনার গুরুত্ব বুঝে মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। তদন্তের স্বার্থে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ
চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, বেলদা থেকেই অনতিদূরে, নারায়ণগড়ে দাদাকে খুন করার অভিযোগ উঠল মদ্যপ ভাইয়ের বিরুদ্ধে! মদ্যপ অবস্থায় দাদাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে । গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ভাইকে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কুনারপুর অঞ্চলের কুনারপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম গুরুপদ ভক্তা (৩৫)। মদ্যপান করে তার ভাইয়ের সাথে তার বচসা বাধে। সেই সময়, মদ্যপ অবস্থায় ভাই বিবেক ভক্তা দাদাকে নৃশংস ভাবে মারলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। থানায় অভিযোগ করা হলে, বিবেককে গ্রেপ্তার করে নিয়ে যায় নারায়ণগড় থানার পুলিশ।







