দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ নভেম্বর: শুক্রবার সন্ধ্যা থেকেই বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বইছিল ঠাণ্ডা হাওয়া, সাথে ছিলো শীতের আমেজ। এদিকে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। যার জেরে সকাল ৬-৭ টা অবধি কার্যত ছিল রাতের অন্ধকার। সেই সঙ্গে শহর জুড়ে শীতের আগমন-বার্তা দিচ্ছে শিরশিরে হাওয়া! এদিকে, রবিবার থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপমাত্রার “শার্প ফল” ঘটতে পারে ২৩, ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর এই চারদিন। পাশাপাশি, আজ ও কাল মেঘলা আকাশ থাকায় দুই বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


Whatsapp Group এ

অন্যদিকে, আজ ভোর থেকে চাকদা, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ নদিয়ার অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। কমে যায় দৃশ্যমানতাও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা। শীতের আগমনের শুরুতেই গত ২৪ ঘন্টায় ২২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ কলকাতার তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।










