দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১২ নভেম্বর: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু (১৪ জুন) রহস্য এখনও উন্মোচিত হলনা, এর মধ্যেই প্রায় ৫ মাসের কাছাকাছি সময়ে, আবারও আত্মহত্যার ঘটনা ঘটলো বলিউডে। নিজের পোষ্য কুকুরের গলার বেল্ট দিয়ে আত্মহত্যা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আসিফ বসরা। হিমাচল প্রদেশের ধর্মশালায় একটি প্রাইভেট গেস্ট হাউসে আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার), তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন আসিফ। পুলিশের এক আধিকারিক এসএসপি কাংরা বিমুক্ত রঞ্জন সংবাদ সংস্থা এএনআইকে (ANI) জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর , আসিফ বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।

Whatsapp Group এ



মাত্র ৫৩ বছর বয়সি এই অভিনেতা তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। সম্প্রতি, “পাতাল লোক” ওয়েব সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা যায়। অনুরাগ কাশ্যপের “ব্ল্যাক ফ্রাইডে” এবং রাহুল ঢোলাকিয়ার “পারজানিয়ায়” তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে ক্রিটিকদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন এবং সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন। এছাড়াও অভিষেক কাপুর পরিচালিত “কাই পো চে”, ইমতিয়াজ আলির “জব উই মেট”, “হিচকি”, “ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই”, “ক্রিস থ্রি” ইত্যাদি জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। একটি রিপোর্ট অনুযায়ী ধর্মশালার ম্যাকলিওডগঞ্জে বিগত ৫-৬ বছর ধরে তিনি একটি সম্পত্তি লিজে নিয়েছিলেন এবং নিয়মিত সেই জায়গাটি দেখতে যেতেন। পরিচালক হংসাল মেহেতা নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে দুঃখ প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই তাঁর মতো একজন ভালো অভিনেতার অকাল প্রয়াণে, বলিউড আরও একটি রত্ন হারালো!











