দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মহারাষ্ট্র, ৪ মার্চ: পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাল উদ্ধব ঠাকরের শিবসেনা। আজ দলের মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে জানিয়ে দিলেন, “দলের সভাপতি উদ্ধব ঠাকরের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গে শিবসেনা কোনও প্রার্থী দেবেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সবকটি আসনে সর্বশক্তি দিয়ে সমর্থন জানানো হবে। আমরা মনে করেছি, পেশি শক্তি, অর্থ শক্তির বিরুদ্ধে একা লড়াই করছে মমতা। তিনিই এই বাংলার বাঘিনী!” প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র অবলম্বনে বাংলায় একটি সিনেমাও নির্মিত হয়েছে, যার নাম ‘বাঘিনী’। এবার, শিবসেনা যেন সিনেমা জগতের সেই প্রচারকেই সিলমোহর দিল বাস্তবের রাজনৈতিক জগতে!



প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়’কে নিঃশর্ত সমর্থন জানিয়েছে, আর জে ডি, এন সি পি, এস পি প্রভৃতি ভিন রাজ্যের দলগুলি। এবার সেই তালিকায় নয়া সংযোজন শিবসেনা। বিজেপির বিরুদ্ধে লড়াইতে মমতার হাত শক্ত করতে চাইছেন তারা। এদিকে, কেন্দ্রীয় নেতৃত্বের এই ঘোষণার পরই শিবসেনার পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সোমনাথ পান্ডে জানালেন, “সমস্ত পশ্চিমবঙ্গ বাসীকে শিবসেনার পক্ষ থেকে প্রনাম জানিয়ে ঘোষণা করিতেছি যে, মাননীয় শ্রী উদ্ধব ঠাকরে মহাশয়ের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে শিবসেনা কোনো আসনে প্রার্থী দেবে না এবং আমরা TMC কে সমর্থন করছি। এই নির্বাচনে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী শিবসেনার নাম ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার কোনো দায় দায়িত্ব শিবসেনা দলের নয়।” তবে, শিবসেনা’র এই সিদ্ধান্তে আখেরে যে বিজেপি’রই লাভ হবে, বলছেন রাজনৈতিক মহল। এর ফলে, বিজেপির হিন্দু ভোটে সামান্য থাবা পড়ার আশঙ্কাও দূর হয়ে গেল বলে মনে করা হচ্ছে।


Whatsapp Group এ








