দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ নভেম্বর: বাইকপ্রেমীদের কাছে বরাবরই প্রথম পছন্দের তালিকায় থাকে রয়্যাল এনফিল্ড। সম্প্রতি, একের পর এক যুগোপযোগী নতুন মডেলের বাইক বাজারে নিয়ে এসে তারা। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে বাইকগুলি। দীর্ঘদিন ধরেই এনফিল্ডের নতুন এক বাইকের অপেক্ষায় ছিলেন ক্রেতারা। এবার সেই অপেক্ষার পালা শেষ! অবশেষে নভেম্বরেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০। এনফিল্ডপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে আর কটা দিন পরেই।

এনফিল্ডের জনপ্রিয় মডেল Thunderbird 350X বাইকের জায়গায় আসছে, Meteor 350। জানা গিয়েছে, আগামী ৬ নভেম্বর এই বাইক লঞ্চ করবে চেন্নাইয়ের সংস্থা রয়্যাল এনফিল্ড। ৩৫০ সিসির এই বাইকে থাকছে সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড, লং স্ট্রোক ইঞ্জিন। ক্লাচ খুব মসৃণ ও হালকা হতে চলেছে। আপাতত ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা এই তিন ধরনের মিটিয়র ৩৫০ আনছে রয়্যাল এনফিল্ড। পাশাপাশি ব্লুটুথ নেভিগেশনের ব্যবস্থা থাকছে বাইকে। দীর্ঘযাত্রার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বাইক। জানা গিয়েছে, মিটিয়র ৩৫০ এর এক্স শোরুম দাম থাকতে পারে ১.৬-১.৭৫ লক্ষ টাকার মধ্যে।








