দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: গড়বেতার হেতাশোলে ২২৬ নম্বর বুথে আক্রান্ত বিজেপি কর্মীরা। বিজেপির মহিলা সমর্থকদের উপর আক্রমণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। আহত ৪ জন মহিলা ও ২ জন পুরুষ বিজেপি কর্মীকে নিয়ে আসা হয়েছে গড়বেতা গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনায় তীব্র চাঞ্চল্য! অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, জেলা পুলিশ সুপার দিনেশ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় বিজেপি সমর্থকদের অভিযোগ, ভোট দিয়ে তাঁদের মহিলা সর্মথকরা বাড়ি ফেরার সময়, তাদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি নেতা ধীমান কোলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী মদন রুইদাস ২১১, ২১৩, ২২৮, ২২৯, ২৩৩, ২৪০ প্রভৃতি বুথ গুলিতে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।


Whatsapp Group এ
অপরদিকে, মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায় তৃণমূল ও বিজেপি’র কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাধে। সাময়িকভাবে উত্তেজনা দেখা দেয় ২১ নং ওয়ার্ডের ২১৮ নং বুথে। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়, কেরানীটোলার মোহনানন্দ বিদ্যামন্দিরের ২০২-২০৬ নং বুথে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার রোকাইয়া খাতুন বুথের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন। একই অভিযোগ আনা হয়েছে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার মৌ রায়ের বিরুদ্ধেও। মেদিনীপুর চার্চ স্কুলের বুথে এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাধে। ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্র ও রাজ্য পুলিশ দু’পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেয়। অপরদিকে, ঝাড়গ্রাম জেলার বিনপুরের বিজেপি প্রার্থী পালান সরেনের গাড়ি আজ দুপুর ১২ টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশের গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে বলে সূত্রের খবর। তবে, হতাহতের কোনো খবর নেই।










