দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, উত্তর ২৪ পরগনা, ২১ নভেম্বর: বছর দুয়েক আগেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজে পায় ওএনজিসি। ঠিক তার পরে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেয় সংশ্লিষ্ট সংস্থা এবং কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে খুব শীঘ্রই আসতে চলেছেন অশোকনগরে। এ প্রসঙ্গে মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের বার্ষিক সাধারন সভায় ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ওএনজিসি তাঁকে জানিয়েছে, অশোকনগরে খনিজ তেলের বিপুল সম্পদ রয়েছে, তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব। এখানে প্রাকৃতিক গ্যাসও মিলেছে। তাঁদের আশা, এই অর্থবর্ষের শেষ থেকেই এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হবে।

প্রায় দুই দশক ধরে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় ওএনজিসি খনিজ তেল ও গ্যাসের সন্ধানে খনন চালিয়েছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে তারা। অবশেষে, অশোকনগরে খনন করে সফলতা এসেছে । পাশাপাশি অশোকনগর থেকে উত্তোলিত তেল তাঁরা হলদিয়া শোধনাগারে পাঠিয়েছেন। সেখানে গুণমানও খতিয়ে দেখা হয়েছে।









