দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর: ঝাড়গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন শ্যুটআউট। এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল NVF কর্মীর বিরুদ্ধে। তকবীর আলি নামে ওই যুবকের মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত NVF কর্মীর বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আজ (৮ ডিসেম্বর), দুপুরে ঝাড়গ্রামের বাছুরডোবায় এই ঘটনাটি ঘটে।

দিন তিনেক আগে ঝাড়গ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন জেলার পুলিশ সুপার। এদিন সেখানেই ম্যাচ দেখতে গিয়েছিলেন ৩২ বছরের তকবীর আলি। হঠাৎ করেই বচসা শুরু হয়, এক NVF কর্মীর সঙ্গে। অভিযোগ, তখনই তাঁর উপর চড়াও হন NVF কর্মী বিশ্বজিৎ গুরুং। নিজের সার্ভিস রিভলবার দিয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালান তিনি। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, পালাতে যান যুবক। এরপর ফের তাঁকে গুলি করা হয়। গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। সেখান থেকে কলকাতার SSKM-এ রেফার করা হয়। এরপর পথেই মৃত্যু হয় তাঁর। মৃতের বাড়ি ঝাড়গ্রামের রাধানগরে। অভিযুক্তের বাড়ি বাছুরডোবার খেলার মাঠের পাশেই।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ও নিহত যুবক দুজনেই জমি বেচাকেনার কাজ করতেন। মৃতের পরিবারের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই এই খুন। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা, সেই NVF কর্মীর হাতে যুবক খুনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছে বাম-বিজেপি। ঘটনার নিন্দা করলেও, পুলিশি তদন্তের উপরই ভরসা রাখছে তৃণমূল।









