দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: জঙ্গলমহল শালবনীর মানবিক রূপে মুগ্ধ হল বনদপ্তর। রবিবার সাত সকালেই শালবনীর বিষ্ণুপুর এলাকায় আহত একটি হরিণকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের দু’নম্বর বিষ্ণুপুর অঞ্চলের খুদিমারির মাঠে আজ সকালে আহত অবস্থায় একটি হরিণকে দেখতে পান গ্রামবাসীরা। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিকদের। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা গিয়ে আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।


Whatsapp Group এ
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬-৭ টার দিকে জঙ্গল থেকে বেরোলে, ওই হরিণটিকে আক্রমণ করে কুকুর। তাতেই আহত হয় হরিণটি। আহত ওই হরিণটিকে দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এরপর স্থানীয়রা বনদপ্তরে খবর দিলে, বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং চিকিৎসার জন্য পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, হরিণটি সুস্থ আছে এবং সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। গ্রামবাসীদের সচেতন ও মানবিক রূপে খুশি মেদিনীপুর বনবিভাগ।










