দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৪ ডিসেম্বর : ঘূর্ণিঝড় বুরেভি আছড়ে পড়তে চলেছে কেরালা ও তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশে। যার জেরে শুক্রবার সকাল থেকেই বন্ধ রাখা হচ্ছে তিরুঅনন্তপুরম বিমানবন্দর। পাশাপাশি এলাকার কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায়। রাজ্যে খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির। জারি হয়েছে হাই অ্যালার্ট। অপরদিকে, তামিলনাড়ুতে প্রবেশ করলেও ঘূর্ণিঝড় বুরেভি’র শক্তি ততটা বেশি থাকবেনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রকোপে। আর তাতেই আশঙ্কা কাটছে না তামিলনাড়ু উপকূলবর্তী ৯ জেলায়। শুক্রবার ভোরে বা সকালে সেটি আছড়ে পড়বে সেখানে। ঝড়ের গতি হতে পারে ৫৫-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তিরুঅনন্তপুরম উপকূলে বুরেভি আঘাত হানতে পারে শুক্রবার দুপুরে। এর প্রভাবে প্রবল বর্ষণ হতে পারে থিরুঅনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপুঝা, কোট্টায়াম-সহ রাজ্যের একাধিক জায়গায়। পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। শুধু তিরুঅনন্তপুরম জেলাতেই ২১৭টি ত্রাণ শিবির খুলেছে জেলা প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে ১৫,৮৪০ জনকে। এলাকার মানুষকে চরম সতর্ক থাকতে বলেছে রাজ্যে সরকার। গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ খবর নিচ্ছেন অমিত শাহও।







