‘বউ’ কে আক্রমণ? অধিকারীদের ‘দুয়ারে’ গিয়ে ‘বাপ-বাপান্ত’ করে বদলা নিলেন অভিষেক

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: অধিকারীদের ‘দুয়ার’ ই বলা চলে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এক অর্থে অধিকারী গড়, আবার দূরত্বের নিরীখে ‘শান্তিকুঞ্জ’ এর দুয়ারও বলা চলে! সেই কাঁথির জনসভায় দাঁড়িয়ে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রীতিমতো রুদ্র-মূর্তি ধারন করলেন। কিছুদিন আগে, নাম না করে তাঁর স্ত্রী’কেই ‘ম্যাডাম নারোলা’ রূপে উদ্ধৃত করে, বিদেশি ব্যাঙ্কে বিপুল আর্থিক লেনদেনের জন্য অভিযুক্ত করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যেন তক্কে তক্কেই ছিলেন অভিষেক! একেবারে অধিকারী গড়ে গিয়ে, রীতিমতো রুদ্র রূপ ধারণ করে শুভেন্দু’কে বাপ-বাপান্ত করে বদলা নিলেন তৃণমূলের যুবরাজ। তিনি আজ বললেন, “আমাকে বলছে এখানে এলে দেখে নেব! আয় তোর বাপকে গিয়ে বল পাঁচ কিলোমিটারের মধ্যে এখানে আছি, কি করবি করে যা!… দেখি তোর কত দম!” যদিও, রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক-শত্রু শুভেন্দু’কে আক্রমণ করতে গিয়ে এভাবে একজন বয়স্ক রাজনীতিবিদ শিশির অধিকারী (এখনও তৃণমূলেই আছেন) কে মাঝখানে টেনে নিয়ে আসা কতখানি সমুচিত হয়েছে, তা সময়ই বলবে। আজ প্রথম থেকেই কড়া মেজাজে ছিলেন তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে ‘নাম্বার টু’ অভিষেক। তাঁর স্ত্রী’কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর আক্রমণ যে তিনি ভালোভাবে নেননি, এদিন স্পষ্টতই তা বুঝিয়ে দেন। আর, আক্রমণ করতে গিয়ে তাই রীতিমতো শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন অভিষেক।

thebngalpost.in
অভিষেক বন্দ্যোপাধ্যায় :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   এলআইসির প্রিমিয়াম জমা দেওয়ার অছিলায় প্রায় ১ লক্ষ টাকা ছিনতাই পশ্চিম মেদিনীপুরে ]

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তাঁর প্রতিটি সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ‘তোলাবাজ ভাইপো’ রূপে আক্রমণ করা ছাড়াও, সম্প্রতি একটি তথ্য দিয়ে বলেছিলেন, থাইল্যান্ডের ব্যাংকে ম্যাডাম নারোলার নামে অ্যাকাউন্ট আছে, আর তাতে প্রতি মাসে ৩৬ লক্ষ টাকা করে জমা পড়ে! এর পরের জনসভায়, শুভেন্দু আরও স্পষ্ট করে বলেন, বিমানবন্দরে সোনা সহ যিনি ধরা পড়েছিলেন, তিনিই এই ম্যাডাম নারোলা! উদ্দেশ্য টা যে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী’এর দিকেই তা বলাই বাহুল্য। স্বভাবতই, এদিন তার জবাব দিয়ে অভিষেক বলেন, “ভাইপো ভাইপো করেও এখন আর কিছু হচ্ছেনা! এবার আমার বউকে নিয়ে পড়েছে। বলছে আমার বউয়ের নামে নাকি বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে। আরে আমি বলছি, আমার বউয়ের নামে ভারতে ছাড়া আর কোথাও ব্যাংক অ্যাকাউন্ট নেই।” এরপরই, মেজাজ চড়িয়ে শুভেন্দু’কে আরও কড়া ভাষায় আক্রমণ করেন। ‘জোকার’ বলে সম্বোধন করে, নাম না করে শুভেন্দু’র উদ্দেশ্যে বলেন, “চার আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো!” মেদিনীপুরের মাটি থেকে ‘ঝেঁটিয়ে বিদায়’ করার হুমকিও দেন। আজকের পর, শুভেন্দু-অভিষেকের রাজনৈতিক-শত্রুতা’যে আরও চরমে পৌঁছল, তা একেবারে জলের মত পরিষ্কার। অভিষেকের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আয় তোর বাপকে গিয়ে বল পাঁচ কিলোমিটারের মধ্যে এখানে আছি, কি করবি করে যা!!….কাঁথির জনসভা থেকে বাংলা সংস্কৃতি!!” এভাবেই শুভেন্দু অধিকারী তাঁর প্রতি আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য সমাজ মাধ্যমেকেই বেছে নিলেন সুকৌশলে।

thebngalpost.in
কাঁথিতে আজ জনজোয়ার :

[ আরও পড়ুন -   "রাম আর ডিম ভাজা" খেলেই সারবে করোনা, অদ্ভুত দাওয়াই ]