দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: সাতসকালেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে দুর্ঘটনা! একটি ৬ চাকার কনটেইনার বা মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে তমাল নদীতে পড়ে গেল। অল্পের
জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি! তাঁদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে শালবনী থানার পুলিশ।
আজ ভোরের দিকে, ৬০ নং জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। মেদিনীপুরের দিক থেকে চন্দ্রকোনার দিকে যাচ্ছিল মালবাহী ট্রাক’টি। হঠাতই শালবনী বাজার পেরিয়ে রাণাপাড়ার কাছে, তমাল নদীর উপর নির্মিত সেতুর উপর থেকে নিয়ন্ত্রণ
হারিয়ে মালবাহী ট্রাক টি প্রায় ২৫ ফুট নীচে নদীতে পড়ে যায়! চালক ও খালাসি ভেতরেই ছিলেন বলে স্থানীয়রা জানালেন। দ্রুত তাদের উদ্ধার করার কাজে স্থানীয়রা হাত লাগান। কিছুক্ষণের মধ্যে শালবনী থানার পুলিশও এসে পৌঁছয়
ঘটনাস্থলে। চালক ও খালাসি’কে উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা গেছে। জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে থাকার জন্য কিংবা চালকের তন্দ্রা (ঘুম)
এসে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, সেতুটির যে সাইডে এই দুর্ঘটনাটি ঘটেছে, ওই সাইডে বড় গার্ড ওয়াল না থাকাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে!







